গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে আরও ৪৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গত ছয় দিনে সুনামগঞ্জে ইতালি, স্পেন, ওমান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ৯১ প্রবাসীকে পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি মাসে ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত জেলায় ২ হাজার ২৮৮ প্রবাসী ফিরলেও এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৯১ জন।
এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সবাইকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে এবং যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জেলা সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, গত ছয় দিনে সুনামগঞ্জে মোট ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
