মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২০, ০২:২৫ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় রানু বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের একটি বাঁশঝাড় থেকে শনিবার বেলা ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রানু ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর নান্নার এলাকার আরমান আলীর স্ত্রী।

নিহতের ভাগিনা (বোনের ছেলে) আফরোজ আহমেদ জানান, তার বড় ভাই ফিরোজের সাথে রানু বেগমের বড় মেয়ে লিমার বিয়ে হয়েছে। তার খালা (রানু) মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য প্রায় তিন মাস ধরে তার খালা, খালু ও এক খালাতো বোন তাদের বাড়িতে অবস্থান করছিল।

গত এক মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরপরই এলাকায় মাইকিং করে খোঁজার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রানুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থতাজনিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত