করোনা: ফরিদপুরে দুই যৌনপল্লি লকডাউন ঘোষণা

আপডেট : ২১ মার্চ ২০২০, ০৩:২৫ পিএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ফরিদপুর শহরের দুইটি যৌনপল্লি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরের শহরের রথখোল ও সিএন্ডবি ঘাট (নৌবন্দর) অবস্থিত যৌনপল্লিকে এই ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা।

ফরিদপুর সদা উপজেলার এই দুই যৌনপল্লিতে লোকজনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা জানান, শহরের এ যৌনপল্লিতে জায়গা কম, ঘিঞ্জি পরিবেশ এবং বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াতে করে থাকে। এতে সংক্রমণ ঝুঁকি থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘এই দুই পল্লিতে প্রায় তিন শতাধিক যৌনকর্মী ছাড়াও বাড়িওয়ালি, মাসি ও অনেকের ছেলে-মেয়ে রয়েছে।’

তিনি জানান, মানবিক কারণে এ সময়ে যৌনকর্মীদের খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে এক-দুই দিনের মধ্যে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া বাড়িওয়ালাদের বন্ধকালীন সময়ে যৌনকর্মীদের কাছ থেকে ঘরভাড়া না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি  মো. মোরশেদ আলম জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পল্লি দুইটির প্রবেশপথের মধ্যে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

ফরিদপুর রথখোলা যৌনপল্লির জয় নারী সংঘের সাধারণ সম্পাদক শিউলি পারভিন বলেন, আমাদের খাওয়া-দাওয়ার এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ কাজ না পেলে তো পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করতে হবে।

ফরিদপুরে আজ পর্যন্ত করোনাভাইরাস রোধে বিদেশ ফেরত ৬২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়াও গত ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ফরিদপুর জেলায় ৪২৫৬ জন বিভিন্ন দেশ থেকে দেশে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত