মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আযাদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তাকে সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। ২০১৮ সালের ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে যোগদান করেছিলেন তিনি।
চট্টগ্রাম বন্দরের নব নিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম কালাম আজাদ ১৯৮৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। চাকরি জীবনে বিভিন্ন তিনি জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা তিতুমীর ও বানৌজা ঈসা খানের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) ব্যানকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশান ডাইরেক্টরেট এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছর জানুয়ারিতে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে যোগ দেন।
