শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের অদূরে লঞ্চ থেকে পদ্মা নদীতে পড়ে ফারিহা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল পৌনে ৬টার দিকে শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের অদূরে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফারিহা গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার ফারুক হোসেনের মেয়ে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ঘাটের অদূরে মাঝ পদ্মায় এমভি সজল-৩ নামে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে গিয়ে শিশু ফারিহা নিখোঁজ হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, ফারিহা তার খালা ও নানির সঙ্গে কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চে করে শিমুলিয়া ঘাটে আসছিল। পথে শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের অদূরে আকস্মিক ফারিহা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
