সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার এলাকায় পাঁচ দিন ধরে নিখোঁজ এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার শিলডোয়ার এলাকার একটি হাওরের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ উপজেলার চিনাকান্দি গ্রামের ললিতা বেগম রাত ১১টায় পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ফেরার সময় নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার স্বামী পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সকালে শিলডোয়ার এলাকায় হাওরের একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী মরম আলী অভিযোগ করে বলেন, গ্রামের একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ আছে। এ কারণেই তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
