‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত প্রযোজক-পরিচালক মতিউর রহমান পানু আর নেই

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:৫৩ পিএম

না ফেরার দেশে চলে গেলেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত প্রযোজক পরিচালক মতিউর রহমান পানু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশ রূপান্তরকে মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

খসরু বলেন, ‘২৪ মার্চ রাত ১১:২০ মিনিট উত্তরার নিজ বাসায় মতিউর রহমান পানু ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর-এ জন্ম গ্রহণ করেন। বেড়ে ওঠা বগুড়াতেই, তিনি ১৯৬২ সালে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং কিছুদিন পর বগুড়া জেলা থেকে ঢাকা চলে আসেন। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তে পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন গুনি চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন, এঁদের মধ্যে দারাশিকো, সৈয়দ আউয়াল ও আকবর কবির পিন্টু। তিনি প্রধানত পরিচালক বাবুল চৌধুরী'র সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন যেমন- আঁকাবাঁকা, টাকা আনা পাই, প্রতিশোধসহ বেশ কয়েকটি ছবির। ১৯৭৯ সালে তিনি হারানো মানিক নামের এই ছবি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

‘বেদের মেয়ে জোছনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রের প্রযোজনা করেছেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, হারানো মানিক (১৯৭৯), আপন ভাই, নাগ মহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতন, সাথী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত