শ্রীলঙ্কায় নিযুক্ত হাইকমিশনার মো. রিয়াজ হামিদউল্লাহকে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের স্থলাভিষিক্ত হবেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রিয়াজ হামিদউল্লাহ বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কূটনীতিক হিসেবে দিল্লি ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াদি, দক্ষিণ ও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে কাজ করেছেন।
