কুষ্টিয়ায় পুলিশের হাতে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৯:১৪ এএম

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. পারভেজ খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পারভেজকে আটকের পর রাত সাড়ে ৩টার দিকে অস্ত্র উদ্ধারে গেলে সদর উপজেলার হরিপুরের শালদা এলাকায় এই বন্দুকযুদ্ধ ঘটে।

পুলিশের দাবি, পারভেজ চিহ্নিত ডাকাতদলের সদস্য।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।

নিহত মো. পারভেজ খান কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় পারভেজকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কুষ্টিয়া সদরের  হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পৌঁছালে আগে থেকে্ ওৎপেতে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৯টি মামলা রযেছে বলেও জানান ওসি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত