হাতিয়ায় ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, দুইজনকে জরিমানা

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১২:২৭ পিএম

নোয়াখালীর হাতিয়ায় সর্দি-কাশি ও গলাব্যথাসহ করোনার লক্ষণ দেখতে পাওয়ায় একজনকে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন আফাজিয়া।

অসুস্থ যুবকের পারিবারিক সূত্র জানায়, গত রবিবার থেকে তিনি এসব রোগে ভুগছেন।

উপজেলা চিকিৎসা কর্মকর্তা মো.নাজিম উদ্দিন জানান, করোনা সন্দেহে জরুরি ভিত্তিতে ব্যবস্থাপত্র দিয়ে রোগীকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র বৃহস্পতিবার জানায়, ইতোপূর্বে হাতিয়ায় বিদেশফেরতসহ ১৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মানায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

হাতিয়ায় প্রশাসনের নির্দেশে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর‌্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার থেকে মুদি দোকান, ডাক্তারখানা ও কাঁচাবাজার ছাড়া সব রকমের দোকান বন্ধ রয়েছে। হাতিয়ায় উচ্চমূল্যে পণ্য বিক্রির অভিযোগে গত এক সপ্তাহে ২০ জন ব্যবসায়ীকে দুই লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত