আবারও র্যাপ গানের মিউজিক ভিডিওতে হাজির হলেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। গানের তালে তালে লাল পাড়ের সাদা শাড়ি, লাল টিপ আর খোলা চুলে মাতালেন ভক্তদের।
‘বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁন্দা ফুল’- পরিচিত এমন বাংলা গানের সঙ্গে র্যাপ গানটি তৈরি হয়েছে। সেটির মিউজিক ভিডিওতে বাঙালি ললনা রূপে সৌন্দর্য আর কমনীয়তা ছড়ালেন জ্যাকুলিন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তারকা র্যাপার বাদশাহ ‘গেন্দাফুল’ নামে র্যাপ গানটি তৈরি করেন। বাঙালিয়ানা দিয়ে সাজানো হয়েছে পুরো মিউজিক ভিডিওটি। গানটি গেয়েছেন পায়েল দেব। বাংলার আঞ্চলিক গান ও হিন্দি মিলিয়ে তৈরি এই গানের ভিডিওতে জ্যাকুলিনের সঙ্গে দেখা গিয়েছে বাদশাকেও।
স্নেহা শেট্টি কোহলির পরিচালনায় এই গান মুক্তি পাওয়ার পরই প্রায় ভাইরাল হয়ে গিয়েছে। ২৫ মার্চ ইউটিউবে প্রকাশ হওয়া ভিডিওটির ভিউ প্রায় দেড় কোটি। পরিচালক করণ জোহরও টুইট করেছেন জ্যাকুলিন-বাদশা জুটির এই গান।
র্যাপার বাদশা গেন্দাফুল নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘গেন্দাফুল আমার জন্য একটা বিশেষ অভিজ্ঞতা, কারণ প্রথমবার আমার ফ্যানদের নতুন কিছু উপহার দিতে চলেছি। তবে গানটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এত মানুষ সেটাকে পছন্দ করেছেন তাতে আমি আপ্লুত। সব সময়ই এমন কিছু বানাতে চেয়েছি যেটা সারা বিশ্বের মানুষকে আনন্দ দিতে পারে। এই গানটা সেরকমই একটা প্রয়াস।’
