মারাত্মক কোনো উপসর্গ দেখা দেয়ার আগেই ফ্রান্সের ১৬ বছর বয়সী এক কিশোরী নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে কভিড-১৯ রোগে মারা যাওয়া ইউরোপের কনিষ্ঠ রোগী বলা হয়েছে।
শনিবার জুলি নামের ওই কিশোরীর সৎকার করা হয়। তার বোন ম্যানন দ্য সানকে জানিয়েছেন, গত বুধবার হালকা শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এর আগে কোনো লক্ষণ দেখা যায়নি।
ম্যানন তরুণদের সতর্ক করে বলেন, ‘অল্প বয়সীদের স্বস্তিতে থাকার কারণ নেই। কিছু বুঝে ওঠার আগেই আমার বোনকে হারালাম।’
‘হাসপাতালে নেয়ার পর আমাদের করোনাভাইরাসের কথা বলা হয়। ভেবেছিলাম কিছু হবে না। কিন্তু জুলিকে বাঁচাতে পারলাম না।’
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পযন্ত শুধু হাসপাতালে মারা গেছেন ১ হাজার ৬৯৬ জন। বাড়িতে কতজন মারা গেছেন সেটি নিশ্চিত করে জানাতে পারেনি দেশটির প্রশাসন।
