করোনাভাইরাস সংক্রামণ সন্দেহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা ৭ মাসের শিশু মহম্মদ এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে ভাইরাস সংক্রমণ পরীক্ষার রিপোর্ট না পাওয়ায় এখনই রিলিজ দেওয়া যাচ্ছে না বলে জানালেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে আগত নমুনা সংগ্রকারীদের সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফল পেতে আরও দুই বা তিন দিন সময় লাগবে বলেও জানান তিনি।
শনিবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাসিন্দা গত ৯ মার্চ সিঙ্গাপুরফেরত তহিদুল ইসলাম হোম কোয়ারেন্টাইন মেনে চলছিলেন।
এর মধ্যে তার ৭ মাসের শিশু মহম্মদ ২৩ মার্চ জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাপাতালে ভর্তি হয়।
তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। যেহেতু শিশুটির বাবা প্রবাসে ছিলেন কেবলমাত্র এমন সন্দেহ থেকে আমরা গত বৃহস্পতিবার তাকে হাসপাতালের আইসোলেশনে রাখি। পরে শিশুটি করোনাভাইরাস আক্রান্ত কি না সে বিষয়ে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে আইইডিসিআর থেকে আগত নমুনা সংগ্রহকারী দল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা শিশুটির নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সেই সাথে ওই শিশুটির পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনসহ বাড়িটি লকডাইন করে রাখা করা হয়েছে।
তবে শনিবার দুপুর ১২টা পর্যন্ত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, শিশুটিকে যেভাবে আইসোলেশনে রাখা হয়েছে সেখানেই থাকবে। ভাইরাস পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে আসতে আরও দুই বা তিন দিন সময় লাগবে। রিপোর্ট পেলেই বাচ্চাটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ মুহূর্তে আমরা শিশুটিকে ছাড়পত্র দিতে পারছি না।
