করোনা পরিস্থিতিতে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইশরাক

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৪:৫৭ পিএম

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়াতে নগরের দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার বিকেলে গোপীবাগের বাসভবনের সামনে দুস্থ-অসহায়দের মধ্যে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। পরে অভয় দাস লেনের একটি বস্তিতেও ত্রাণ বিতরণ করেন ইশরাক।

অফিশিয়াল ফেইসবুক পেজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে ইশরাক বলেন, নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক, হ্যান্ড গ্লাভস ইত্যাদি।

ইশরাক জানান, তার প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হবে।

যত দিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে তত দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি নগরবাসীকে করোনা মোকাবিলায় ভয় না পেয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানদের দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত