নভেল করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যকর্মী তেলা পোর্টারের পাড়ার গলি সকাল থেকে সন্ধ্যা ফাঁকা পড়ে থাকে। কিন্তু গত বৃহস্পতিবার তিনি কাজে যাওয়ার সময় প্রতিটি বাড়ির সামনে একজন করে মানুষ দেখতে পান, যারা তার উদ্দেশ্যে হাত নাড়ছেন। কেউ আবার ঘরে তৈরি কেক নিয়ে এসেছেন! ইংল্যান্ডের নর্থ হ্যাম্পশায়ার হাসপাতালের জরুরি বিভাগের ২২ বছরের তরুণী অ্যাম্বুলেন্স-কর্মী সবকিছু দেখে শুরুতে ভড়কে যান।
নিজেকে সামলে নিয়ে তেলা বুঝতে পারেন তার অক্লান্ত পরিশ্রমকে সম্মান দেখাতে প্রতিবেশীরা এভাবে রাস্তায় অপেক্ষা করছেন। গোটা বিষয়টি আয়োজন করেন তার মা।
তেলার কান্নার ভিডিও ফেইসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ডেইলি মেইল জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় তেলাকে প্রতিদিন দুই শিফটে কাজ করতে হচ্ছে। কিছুদিন আগে ছোটবোনের জন্মদিনের অনুষ্ঠানের সময়ও বাড়ি থেকে বের হতে হয় তাকে। মাঝে মাঝে গভীর রাতে ঘরে ফিরে কান্নাকাটিও করেন। তবু ‘ভালোবাসার’ চাকরিটা ছাড়ছেন না।
মেয়ের এমন পরিশ্রম আর নিবেদন দেখে তার মা কিছু একটা করার চিন্তা মাথায় আনেন। কয়েকজন প্রতিবেশীকে বলার পর এভাবে তাকে চমকে দেওয়ার পরিকল্পনা করেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে তেলার ভূয়সী প্রশংসা চলছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘ আমি অভিভূত। এভাবে মানুষ আমাকে সম্মান জানাবে, ভাবতে পারিনি। জীবনে এমন মুহূর্ত খুব কম আসে। আসলে চোখের জল ধরে রাখা যায় না। আমিও পারিনি।’
