‘কিছু মানুষের’ মৃত্যুকে মেনে নিতে বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:২৬ পিএম

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) কিছু মানুষকে মরতেই হবে, এ জন্য সবকিছু বন্ধ করা যায় না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দুঃখিত, কিছু লোক মারা যাবে, তারা মরবে। এটাই জীবন। সড়কে মৃত্যুর জন্য গাড়ির কারখানা তো বন্ধ করা যায় না।’

সাও পাওলো রাজ্য সরকার নভেল করোনাভাইরাসের মৃত্যুর যে হিসাব দিয়েছে, তাকে বলসোনারো 'অতিরঞ্জিত’ মনে করছেন। সেই বক্তব্যের কাউন্টার দিতে গিয়ে এমন কথা বললেন তিনি।

দেশটির ২৬ গভর্নরের প্রায় সবাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মহামারী থেকে নিজ রাজ্যকে রক্ষায় অপ্রয়োজনীয় বাণিজ্যিক কর্মকাণ্ড ও সরকারি সেবা বন্ধ করে দিয়েছেন। ব্রাজিল প্রেসিডেন্ট সেটিও মানতে পারছেন না।

নভেল করোনাভাইরাসে ব্রাজিলের মধ্যে সাও পাওলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যটিতে এ পর্যন্ত এক হাজার ২২৩ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

বলসোনারো বলেন, ‘সেখানে আসলেই কি হচ্ছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলে সংখ্যার খেলা হতে দেওয়া যায় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত