করোনায় আক্রান্ত তুরস্ক ও বার্সার সাবেক এই গোলরক্ষক

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:৪৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্ক ফুটবলের কিংবদন্তি, বার্সেলোনার সাবেক গোলরক্ষক রুস্তু রেকবার। কোভিড-১৯ পরীক্ষা ‘পজিটিভ’ আসার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

দীর্ঘ আলোকিত ক্যারিয়ারে বার্সেলোনা ছাড়াও ফেনারবাচে, বেসিকতাসের হয়ে খেলেছেন রেকবার। তুরস্ক জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১২০টি ম্যাচ খেলা ফুটবলার তিনি।

৪৬ বছর বয়সী রেকবারের করোনায় আক্রান্তের খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তার স্ত্রী ইসিল, “আপনাদের কোনো একটা সুখের সংবাদ জানাতে পারলে হয়তো ভালো লাগত আমার। কিন্তু সত্যের প্রতি নিষ্ঠাবান থাকতে হচ্ছে আমাকে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, কভিড -১৯ রোগে আক্রান্ত হয়ে আমার স্বামী হাসপাতালে।”

“সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু রোগটির লক্ষণ দ্রুতই বাড়তে থাকে। আমরা এখনো আতঙ্কিত। এই সময়টা জটিল ও কঠিন।”

“মানুষের প্রতি আমার একমাত্র সুপারিশ সচেতন থাকুন ও শ্রদ্ধাশীল হোন। আমার, ছেলে ও মেয়ের টেস্ট নেগেটিভ এসেছে। সে (রেকবার) এখন হাসপাতালে। আমরা চাইলেও দেখা করতে পারছি না।”

২০০২ সালের বিশ্বকাপে তুরস্কের হয়ে নৈপুণ্য দেখান রেকবার। পরের বছর ক্লাব ফুটবলে ফেনারবাচেতে নাম লেখান এই গোলরক্ষক। একই বছর বার্সেলোনায় নাম লেখান তিনি। লা লিগার ক্লাবটির হয়ে খেলেন তিন বছর। ক্লাবটির হয়ে খুব বেশি ম্যাচ না খেলতে পারলেও সান্নিধ্য পেয়েছেন রোনালদিনহো, জাভি ও পুয়োলদের মতো খেলোয়াড়দের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত