করোনাভাইরাসে মারা যাচ্ছেন অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিরা। মৃতদের তালিকায় তাদের সংখ্যাও বেশি। সেদিক দিয়ে নিরাপদ ধরে নেয়া হয়েছিল শিশুদের।
তবে যুক্তরাষ্ট্রে করোনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের মধ্যে নতুন দুশ্চিন্তা দেখা দিয়েছে।
দ্য গার্ডিয়ান জানায়, শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে এক বছরের কম বয়সী এক শিশু মারা গেছে। শিশুটি করোনায় আক্রান্ত ছিল বলে নিশ্চিত করে মার্কিন জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
এটিকেই করোনায় প্রথম শিশুর মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। এর আগে করোনায় এই বয়সী শিশুর মৃত্যু হয়েছে কী না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।
মার্কিন জনস্বাস্থ্য কর্তৃপক্ষের ডিরেক্টর এনগোজি এজি বলেন,‘এর আগে করোনায় শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। এই মৃত্যুর কারণ খুঁজে বের করতে সম্পূর্ণ তদন্ত হবে।’
ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে বি প্রিৎজকার বলেন, ‘এই খবর ওই শিশুটির পরিবারের জন্য খুবই দুঃখজনক।’
এদিকে গত সপ্তাহে প্যারিসে করোনা আক্রান্ত ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়। তার দেহে সংক্রমণ জটিল আকার নেয় বলে চিকিৎসকেরা জানান। ঘটনাটিকে বেশ বিরল বলেও জানিয়েছেন তারা। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে মৃত্যু হয় এক কিশোরেরও।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এক লাখ ২৪ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ঘটেছে। তাদের মধ্যে মারা গেছে দুই হাজার ১৯১ জন।
