খাদ্য কর্মসূচির কার্ড বাতিলের অভিযোগে বঞ্চিতদের বিক্ষোভ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৬:১৫ পিএম

ঠাকুরগাঁওয়ে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা থেকে সহস্রাধিক ব্যক্তির নাম বাতিলের অভিযোগে বিক্ষোভ করেছে বঞ্চিতরা।

উৎকোচের বিনিময়ে নতুনদের অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যানের কক্ষে তালাও লাগিয়েছে তারা।

রবিবার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে তালিকা থেকে বাদপড়া বঞ্চিতরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জগন্নাথপুর সিংগিয়া গ্রামের কার্ড বঞ্চিত জয়ন্ত ঘোষ জানান, কার্ড নিয়ে চাল আনতে আসার পর চেয়ারম্যান জানায় আমাদের কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, এ কার্ডটি যখন করে দেয় তখন স্থানীয় মহিলা মেম্বার মালেকা বেগমকে ৫শ টাকা দিয়ে কার্ডটি গ্রহণ করতে হয়েছিল।

বিক্ষোভকারী মনোয়ারা বেগম, রিনি বালা, মরিয়ম বেগম, ফাতেমা বেগম, তহুরা খাতুন, হোসনেয়ারাও অভিযোগ বলেন, আমরা গরিব ও অসহায় মানুষ। ১০ কেজি করে চাল নিয়ে আমাদের সংসার চলতো। কিন্তু অনিয়মতান্ত্রিকভাবে এভাবে কার্ড বাতিলের কারণে আমরা খুবই সমস্যায় ভুগব। প্রতিবন্ধী সাইদুল ইসলাম কার্ড বাতিলের কথা শুনে কান্নায় ভেঙে পরেন।

এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর বাবুল জানান, নিয়ম নীতি না মেনে গোপনে চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার যোগসাজশ করে প্রায় ৭/৮শ কার্ড বাতিল করেছেন। তারা নতুন ব্যক্তিদের কাছে ১ থেকে দেড় হাজার করে টাকা নিয়ে এ কার্ড প্রদান করেছেন।  

এ ব্যাপারে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল মাস্টার বলেন, নিয়ম মেনেই কিছু মানুষের নাম বাতিল করা হয়েছে। একই বাড়িতে যারা প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতা পান এ জাতীয় পরিবারের একজন লোকের নামের কার্ড বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা পরিষদে গিয়ে বাতিলের কাগজপত্র যাচাই-বাছাই করেছি। নিয়ম-নীতি মানা হয়নি। রেজুলেশনেও ভুল পাওয়া গেছে। এ কারণে পূর্বের তালিকাভুক্ত ব্যক্তিদেরই চাল প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত