ঢাকার ধামরাই উপজেলায় পৃথক স্থান থেকে এক কলেজ ছাত্রী ও এক নারী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার কুশুরু ইউনিয়নের বান্নাখোলা গ্রামের নিজ ঘর থেকে কলেজ শিক্ষার্থীর এবং জয়পুরা এলাকার মৃত আব্দুল খালেকের বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ধামরাই থানা-পুলিশ।
এদের মধ্যে নিহত কলেজ ছাত্রী শেফালি আক্তার (১৮) কুশুরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামের সাইফুল হোসেনের মেয়ে। সে স্থানীয় ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
অপর নারী শ্রমিক লাভলী আক্তার (২৮) জয়পুরা এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে।
থানা-পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামে তার নিজ ঘর থেকে কলেজ ছাত্রী শেফালি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে উপজেলার জয়পুরা এলাকার মৃত আব্দুল খালেকের বাড়ির পাশের জাম্বুরা গাছের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিক লাবণি আক্তারের মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহ দুটির ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধামরাই থানায় কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি মৃতদেহের ঘটনাই আত্মহত্যা। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
