সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর অন্তত দেড়শ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের ত্বরিৎ পদক্ষেপে তেমন কোনো ক্ষতি হয়নি। রাতে প্রতাপনগরের কোলা পয়েন্টে এই ভাঙন দেখা দেয়।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বাঁধতে সক্ষম হওয়ায় ও ভাটা শুরু হওয়ায় তেমন কোনো সমস্যা হয়নি। ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। একটি জোয়ার পার করতে পারলে আর কোনো ভয় থাকবে না।
