করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে নিষেধ করায় তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যেই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন সোনাইছড়ি গ্রামের আলি হোসেনের ছেলে ও জালিয়াপালং ইউনিয়ন শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি নুরুল আবছার নান্নু।
স্থানীয়দের ভাষ্য, এমন পরিস্থিতিতে তাকে ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ রাখার কথা বলেন একই গ্রামের মোবারক হোসাইন (২৪)। এরই জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোবারককে মারতে শুরু করেন নান্নু। মোবারককে রক্ষা করতে তার দুই ভাই দেলায়ার (৩০) ও তারেক (১৭) এগিয়ে আসলে নান্নুর নেতৃত্বে কয়েকজন মিলে তাদের মারধরসহ দা দিয়ে কুপিয়ে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনজনের মধ্যে দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন বলেন, ‘নান্নুর বিরুদ্ধে অনেক অভিযোগ আসায় এবং তার বেপরোয়া কর্মকাণ্ডের জন্য কিছুদিন আগে তার নেতৃত্বাধীন কমিটি বাতিল করা হয়েছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার বলেন, ‘বিষয়টি জানার পরপরই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূলহোতা নান্নু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
