বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে মারা যাওয়া সেই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তার মরদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। এরপর ওই এলাকায় ঘোষিত লকডাউন প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন।
ডেপুটি সিভিল সার্জন বলেন, দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে। রিপোর্ট অনুযায়ী মৃত ব্যক্তির দেহে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব মেলেনি।
কর্মস্থল গাজীপুর থেকে গত মঙ্গলবার স্ত্রীর কর্মস্থল শিবগঞ্জের মহব্বত নন্দীপুর গ্রামে আসেন ব্যবসায়ী মাসুদ রানা (৪৫)। এরপর জ¦র, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে পড়েন কাহালু উপজেলার ওই ব্যক্তি। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে স্বামীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স চেয়ে নানা স্থানে মোবাইলে ফোনে যোগাযোগ করেন তার স্ত্রী। আইইডিসিআরের হটলাইনেও কল করেন তিনি। কিন্তু কারও কাছ থেকে সাড়া পাননি বলে তার অভিযোগ। করোনাভাইরাসের আতঙ্কে এগিয়ে আসেননি প্রতিবেশীরাও। পরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের হটলাইনে কল করলে শনিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ওই ব্যক্তির বাড়িসহ পার্শ্ববর্তী ১৫টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। দুপুরে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
