বিরামপুরে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবীদের খাবার দিচ্ছেন ইউএনও

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১২:৩৫ পিএম

দিনাজপুরের বিরামপুরে ভেলারপাড়া গ্রামের ভ্যানচালক শরিফ উদ্দিন (৫৭)। নেই কোনো জমি। তার পরিবারের পাঁচ নিয়ে সংসার চলে ভ্যান চালিয়ে পাওয়া টাকা থেকেই। গত তিন দিন থেকে যানাবাহন চলাচল বন্ধ থাকায় সংসার চলায় দায় হয়ে পড়েছে শরিফ উদ্দিনের।

বাধ্য হয়ে চুপিসারে দুই একটি ভাড়ার আশায় ভ্যান নিয়ে শহরের ধানহাটির মোড়ে এসেছিলেন শরিফ উদ্দিন।

সেখানে চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাবারসহ হাজির হন ইউএনও তৌহিদুর রহমান।

একইভাবে সেখানে থাকা আরেক ভ্যানচালক নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও।

এ সময় ইউএনও তৌহিদুর রহমান খাদ্যসামগ্রী নেওয়া ব্যক্তিদের জানান, করোনার সংক্রামণ থেকে নিজ, পরিবার ও দেশের মানুষকে মুক্ত রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়িতে থাকতে। এ সময় সরকার কর্মহীন শ্রমজীবীদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দেবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার থেকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের চাল, ডাল, লবণ, আলুসহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।

উপজেলার প্রায় ৪ হাজার শ্রমজীবী মানুষকে এ সহায়তা দেওয়া হবে। এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা ও স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন সর্বাত্মক কর্যক্রম শুরু করে।

সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখে।

সকালে ক্যাপ্টেন ওলি, ইউএনও তৌহিদুর রহমান, এএসপি মিথুন সরকারসহ সেনাবাহিনী, প্রশাসন এবং পুলিশের দল উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

এ সময় সেনাবাহিনী মাস্ক বিতরণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সামাজিক দূরত্বের বৃত্ত তৈরি করে।

ইউএনও তৌহিদুর রহমান জানান, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় করোনা মোকাবিলায় প্রথম থেকে বিরামপুরে সচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি সর্বাত্মক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার থেকে শ্রমজীবী মানুষদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত