জাতীয় সংসদের সাড়ে ৩০০ এমপিকে তাদের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করার আহ্বান জানয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তিনি মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এই আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি নিক্সন জানান, তার নির্বাচনী এলাকার তিন উপজেলা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকার জনগণের বড় একটি অংশ প্রবাসী। করোনা প্রভাব এর শুরু থেকেই তিনি এলাকায় আসা সকল প্রবাসীদের মোবাইল নম্বর সংগ্রহ করে নিজে ফোন করে তাদের খোঁজ নিয়েছেন এবং অন্তত ১৪ দিন নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছেন।
এছাড়া দরিদ্র ও হতদরিদ্রদের যাতে খাদ্যাভাব না হয় সে জন্য প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যদ্রব্যসহ নিজ তহবিল থেকে খাদ্যদ্রব্য বিতরণ করছেন।
গত ৪ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ হাতে এই ত্রাণ বিতরণ করছেন বলেও জানান।
এর আগে এমপি নিক্সন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন।
এরপর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ বিভিন্ন সামগ্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।
