করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর আইসোলোশনে ভর্তি হওয়া তিন রোগীর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পায়নি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
জয়পুরহাটের সিভিল সার্জনকে দেওয়া এক মেইলে এই বার্তা নিশ্চিত করেছেন আইইডিসিআর কর্তৃপক্ষ। বিষয়টি দেশ রূপান্তরকে মুঠোফোনে নিশ্চিত করেছেন জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা জানান, করোনায় আক্রান্ত সন্দেহে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা ওই তিন রোগীর নমুনা শনিবার আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। তাদের জ্বর, সর্দি-কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট ছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আইইডিসিআর কর্তৃপক্ষ তাদের মধ্যে করোনার কোন সংক্রমন পায়নি বলে মেইলে এই বার্তা পাঠিয়েছেন।
এদিকে এখন পর্যন্ত জয়পুরহাট জেলা জুড়ে মোট ৩২২ জনকে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ১৬২ জনকে রিলিজ দেওয়া হয়েছে।
