সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থাপিত করোনা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এক কিশোরীর (১৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়।
তবে ওই কিশোরী করোনা আক্রান্ত ছিল না এবং ফুসফুসে পানি জমে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ জন্য তার লাশ স্বাভাবিকভাবে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটের বালাগঞ্জ উপজেলার ওই কিশোরীকে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করেন।
বেলা ১১টার দিকে তাকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ডা. হিমাংশু লাল রায় আরও জানান, মেয়েটি ক্রনিক রোগী ছিল। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। যে কারণে পরীক্ষার কোনো প্রয়োজন পড়ছে না। লাশ সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
