দিল্লিতে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্রে একটি জমায়েতে যোগ দিয়ে ঘরে ফেরা অন্তত সাতজন, কারও কারও মতে দশজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ‘নিজামুদ্দিন মারকজ’ নামের মসজিদটিকে ভারতে মহামারি ছড়ানোর অন্যতম ‘হটস্পট’ বলে চিহ্নিত করা হচ্ছে।
নিজামুদ্দিন মারকজ মসজিদের ঘটনায় মঙ্গলবার মাওলানা সাদসহ তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে মহামারি আইনে দায়ের করা হয়েছে। এর আগে দিল্লির তাবলিগ জামাত কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে চূড়ান্ত অবহেলার অভিযোগে পুলিশ একটি এফআইআরও দাখিল করে।
বিবিসি বাংলা জানায়, ‘নিজামুদ্দিন মারকজ’ নামে পরিচিত ওই মসজিদটিতে একটি ধর্মীয় সমাবেশ উপলক্ষে এ মাসের মাঝামাঝি অন্তত দুই থেকে আড়াই হাজার লোক সমবেত হয়েছিলেন। শহরের একটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় একটি ছ’তলা ভবনের ডরমিটরিতে তারা সবাই গাদাগাদি করে ছিলেন।
ওই জমায়েতে ছিলেন এমন ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সেখান থেকে আরও বেশি সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার থেকেই ওই মসজিদের জমায়েতে যোগ দেওয়া ব্যক্তিদের পরীক্ষার প্রক্রিয়া চলছিল। মঙ্গলবার যে রিপোর্ট এসেছে, তাতে দেখা গিয়েছে ২৪ জন করোনা আক্রান্ত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এ কথা জানিয়েছেন।
ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে সেই মসজিদ। সেখানকার আবাসিকদেরও বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
