ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা এক প্রবাসীর (৪৭) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ জন্য তার পরিবারের সদস্যসহ আশপাশের ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএইচএম সালাউদ্দিন মনজু। তিনি জানান, সন্ধ্যায় আইইডিসিআরের একটি টিম চিকিৎসার জন্য ওই রোগীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, কয়েক দিন আগে সৌদি আরব থেকে নবাবগঞ্জের বাড়িতে ফেরেন ওই প্রবাসী। এরপর তার মধ্যে করোনায় সংক্রমণ হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। রিপোর্টে ওই প্রবাসীর শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। ঝুঁকি এড়াতে তার বাড়ি এবং আশপাশের আরও ১২টি বাড়ির লোকজনকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের যেন কোনো অবস্থাতেই বাসা থেকে বের হতে না হয় সে জন্য সবকিছু উপজেলা প্রশাসন সরবরাহ করবে।
ওই বাড়িগুলোতে কোয়ারেন্টাইনের ব্যানার ও লাল নিশানা টানিয়ে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে জানিয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
