করোনাভাইরাস প্রতিরোধের প্রচারাভিযানে দুর্ঘটনায় আহত যশোর জেলার ঝিকরগাছা থানার সহকারি কমিশনার (ভূমি), ডা. কাজী নাজিব হাসানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইইচ) নেওয়া হয়েছে।
বুধবার গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সশস্ত্রবাহিনী বিভাগ কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিচ্ছে। তার ধারাবাহিকতায় বিমানবাহিনী এই মেডিকেল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে কাজী নাজিব হাসানকে ঢাকায় আনে।
রোববার যশোর জেলার ঝিকরগাছা থানার সহকারি কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রচার চালানোর সময় ঝিকরগাছা বাজার এলাকায় গেলে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে যশোর রেলগেট পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৩০ মার্চ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
