ঢাকা থেকে নাগরিকদের নিতে ২য় ফ্লাইটের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:০৩ এএম

করোনা পরিস্থিতিতে স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যেতে আগ্রহী মার্কিন নাগরিকদের জন্য দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ঢাকার মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র দপ্তর।

মার্কিন নাগরিক ও তাদের পরিবারের জন্য ভাড়া করা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। দূতাবাস জানায়, সবকিছু নিশ্চিত হওয়ার পর তারা পরবর্তী ফ্লাইটের ঘোষণা দেবে।

দ্বিতীয় ফ্লাইটে আসন পেতে আগ্রহী মার্কিন নাগরিকদের ২ এপ্রিল রাত ৮টার আগে যত দ্রুত সম্ভব নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে।

মার্কিন সরকারের ভাড়া করা বিশেষ ফ্লাইটে শুধুমাত্র বৈধ পাসপোর্ট থাকা মার্কিন নাগরিক ও তাদের প্রথম অগ্রাধিকার এবং কিছু আইনগত স্থায়ী বাসিন্দা (এলপিআর) যেতে পারেন। এসব প্রত্যাবাসন ফ্লাইট বিনামূল্যের নয় এবং এ জন্য মার্কিন সরকারের যে খরচ হবে তা যাত্রীদের পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ২৬৯ জন মার্কিন নাগরিক সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হয়। তাদের বহরকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সূত্র: ইউএনবি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত