নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে শহরের আরশীনগরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে করোনা মোকাবিলায় দোকানপাট বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের আরশীনগর সিএনজি স্ট্যান্ডের পাশের একটি গ্যাস সিলিন্ডারের বন্ধ দোকানে হঠাৎ প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন পাশের আরও ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে কনফেকশনারি, হোটেল, ফলের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, শহরের আরশীনগরে গ্যাস সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
