ছেলে অসুস্থ। এই খবর শুনে ক্লাবকে না জানিয়েই হোম কোয়ারেন্টাইন ভেঙে গাড়ি নিয়ে ছুট ডিফেন্ডার জেরোমে বোয়াটেং। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে অনুমতি না নিয়ে শহর ছাড়ার অপরাধে নিজেদের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে জরিমানা করেছে বায়ার্ন মিউনিখ।
বোয়াটেংয়ের অপরাধ লকডাউনের সময়ে বিনা অনুমতিতে মিউনিখ থেকে আরেক শহরে যাওয়া, যেখানে একটি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছে তার ছেলে।
বায়ার্নের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের নির্দেশনা ভেঙে বোয়াটেং নিজ বাড়ি থেকে অনেক দূরে গিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের পরামর্শে সরকার মানুষের চলাচলে যেসব বিধিনিষেধ আরোপ করেছে সে প্রেক্ষিতেই বায়ার্নের খেলোয়াড়দের জন্য নির্দেশাবলী জারি করা হয়েছে।”
তা না মানার কারণে ৩১ বছর বয়সী বোয়াটেংকে ঠিক কী পরিমান অর্থ জরিমানা করা হয়েছে তা সুনির্দিষ্ট করে জানায়নি বায়ার্ন। তবে জরিমানার এই অর্থ স্থানীয় হাসপাতালগুলোতে প্রদান করা হবে জানানো হয়েছে।
এ ব্যাপারে বোয়াটেং সংবাদপত্র বিল্ডকে বলেন, “আমি জানি আমার এই যাওয়া নিয়ে ক্লাবকে না জানিয়ে নিশ্চিতভাবে ভুল করেছি। কিন্তু ওই সময়টায় আমি কেবল আমার ছেলের কথাই ভেবেছিলাম।”
“তার শরীর ভালো ছিল না। অসুস্থ অবস্থায় ছেলে বাবাকে ডাকছে যাই হোক না কেন, সেক্ষেত্রে আমি যাবই।”
