করোনা নিয়ে সতর্ককারী মার্কিন রণতরীর সেই কমান্ডার বরখাস্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করা সেই কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসি।

ইউএসএস থিওডোর রুজভেল্ট নৌবহরটির অন্তত ১০০ জন নাবিক করোনায় আক্রান্ত হয়েছে।

রণতরীটির কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের কাছে সোমবার এক চিঠিতে নাবিকদের আক্রান্তের বিষয়টি নিয়ে সতর্ক করেন।

তবে সেই চিঠি সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

যুদ্ধজাহাজটির নাবিকদের জীবন রক্ষা করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার বলে মার্কিন নৌবাহিনীদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্যাপ্টেন ক্রোজিয়ার ।

চার পৃষ্ঠার সেই চিঠিতে তিনি লিখেন, ‘আমরা এখন কোনো যুদ্ধে নেই। নাবিকদের এভাবে মৃত্যুর কোনো মানে হতে পারে না।’

পারমাণবিক শক্তিচালিত জাহাজটিতে আক্রান্তদের কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে তিনি জানান।

 মার্কিন নৌবাহিনী সেক্রেটারি থমাস মোডলি জানান, কমান্ডার অত্যন্ত দুর্বল অনুমান প্রকাশ করেছেন। তার আচরণে মনে হয়েছে, নৌবাহিনী তার প্রতি সাড়া দিচ্ছে না। 

 বৃহস্পতিবার মোডলি সাংবাদিকদের জানান, সংবাদমাধ্যমে চিঠি ফাঁস করার অভিযোগে ক্যাপ্টেন ক্রোজিয়ারকে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘ওই চিঠিতে প্রকাশ পায় নৌবাহিনী তার কাজ করছে না। সরকার তার দায়িত্ব পালন করছে না। এটি সত্য নয়।’

যুদ্ধজাহাজটি এখন পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশীয় দ্বীপ গুয়ামে মার্কিন নৌঘাঁটিতে অবস্থান করছে। এটিতে নারী ও পুরুষ মিলিয়ে চার হাজারের মতো নাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত