খাগড়াছড়িতে দায়িত্ব শেষে ফেরার পথে পুলিশের একটি গাড়ি উল্টে ১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলুটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতে আলুটিলা থেকে ডিউটি পালন শেষে একটি পিকআপে করে শহরের দিকে ফিরছিলেন পুলিশ সদস্যরা। পথে ঝড়ো তুফানের কারণে দ্রুত চালাতে গিয়ে পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি উল্টে যায়। এতে সবাই আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন- নায়েক সাইফুল ইসলাম, নায়েক হাফেজ কবির, কনস্টেবল সাইফুল ইসলাম ও কনস্টেবল সিদ্দিকুর রহমান।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, চট্টগ্রামে প্রেরণ করা চারজনের মধ্যে দুইজনের মাথায় আঘাত রয়েছে। অপর দুইজনের পা ভেঙে গেছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই আহতদের দেখতে হাসপাতালে যান নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, পুলিশ সুপার আব্দুল আজিজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
