করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা হটলাইনে চিকিৎসা দেবেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনটি গ্রুপে মোবাইল ফোনের মাধ্যমে ড্যাবের এক শ চিকিৎসক জরুরি প্রাথমিক স্বাস্থ্য সেবা দেবেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তারা।
ড্যাব সভাপতি হারুণ আল রশীদ শুক্রবারি দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে হাসপাতালগুলো বন্ধ রয়েছে। চিকিৎসকরা চেম্বারে বসছেন না। এতে অন্যান্য রোগে আক্রান্ত মানুষ চিকিৎসা পাচ্ছে না। এ অবস্থায় করোনাভাইরাসের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনটি গ্রুপে ১০০ চিকিৎসক কাজ করবেন। তারা হটলাইনে যারা ফোন করবেন তাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাবেন।
তিনি বলেন, আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে স্বাস্থ্য সেবা দিচ্ছিলেন ড্যাবের চিকিৎসকরা। পরে জনগণের অনুরোধে সকাল থেকে রাত পর্যন্ত স্বাস্থ্য সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ঘরে অবস্থানই হতে পারে একমাত্র প্রতিষেধক। অপ্রয়োজনে ঘরের থেকে বের না হওয়াই উত্তম। আপনার সচেতনতা ও সামাজিক দূরত্বই করোনাভাইরাস থেকে আপনার পরিবার ও দেশকে রক্ষা করতে পারে। ঘরে অবস্থান কালে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ হাঁচি, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট অথবা অন্য কোন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নিন।
