চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হজ পালনেচ্ছুদের অপেক্ষা করতে বলেছে সৌদি আরব। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বিনতিন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
সৌদি আরব করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফেব্রুয়ারি মাসের শেষদিকে ওমরাহ স্থগিত করে। ওই পদক্ষেপের পর হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমে হজ বন্ধের গুজবও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সৌদি মন্ত্রী মোহাম্মদ সালেহ ব্যাখ্যা করে বলেন, আমরা হজযাত্রী ও ওমরাহ পালনে আগ্রহীদের সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান বিশ্বে করোনা মহামারির কারণে সাবধানতা প্রয়োজন। আমরা নাগরিকদের স্বাস্থ্য রক্ষার কথা বিবেচনায় রেখেছি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব মুসলিম ভাই ও বোনকে হজ চুক্তির জন্য অপেক্ষা করতে বলছি।
সাক্ষাৎকারটি তিনি পবিত্র কাবার ঘরের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। এর আগে তিনি মক্কার বিভিন্ন হোটেল ও মসজিদে হারাম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। তিনি সাক্ষাৎকারে বেশ জোর দিয়ে বলেন, মুসলমানদের আবেগের বিষয়টি সম্পর্কে আমরা অবগত। পরিস্থিতি উন্নতি হওয়ামাত্র মক্কা-মদিনা খুলে দেওয়া হবে।
সৌদি আরব ওমরাহ স্থগিত করার পাশাপাশি দেশটি সব আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মার্চের শেষের দিকে মক্কা, মদিনাসহ কয়েকটি শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্বব্যাপী ১০ লাখ ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ২৪৯ জনের। আর সৌদি আরবে ১ হাজার ১৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১ জন।
