গাজীপুরে ছাত্রলীগের কুইক রেসপন্স টিম

ফোনকলে মিলবে চিকিৎসক অ্যাম্বুলেন্স খাদ্য সহায়তা

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:৪৮ পিএম

সারা দেশের মতো গাজীপুরের শ্রীপুর উপজেলায় চলছে অঘোষিত লকডাউন। সরকার সবাইকে ঘরে থাকার আহ্বান জানানোর পর কর্মহীন হয়ে পড়েছে স্বল্প আয়ের সাধারণ মানুষ, যারা ঘরে আবদ্ধ অবস্থায় আছেন, ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ঘর থেকে বের হচ্ছেন না তাদের জন্য গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে তৈরি করা হয়েছে কুইক রেসপন্স টিম। একটি ফোন কলেই মিলবে জরুরি প্রয়োজনে আটজন এমবিবিএস চিকিৎসক, ফার্মেসির ওষুধ, রোগীর পরিবহনে অ্যাম্বুলেন্স ও খাদ্য সহায়তা।

‘আপনার প্রয়োজনে আমরা সবাই’ স্লোগানে কুইক রেসপন্স টিমের নেতৃত্বে রয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন।

রবিন বলেন, আটজন এমবিবিএস চিকিৎসক, ফার্মেসি সেবা, রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্স নিয়ে প্রাথমিকভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। করোনাভাইরাসের আক্রান্তের ভয়ে অনেকে ঘরে থেকে বের হচ্ছেন না, জরুরি রোগী পরিবহনে অনেকে গাড়ির মালিক-চালক গাড়ি দিতে রাজি হচ্ছেন না, সরকারি নির্দেশ মানতে গিয়ে অনেকে কর্মহীন অবস্থায় খাদ্য সংকটে ভুগছেন। তাদের জন্য গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে কুইক রেসপন্স টিম নামের একটি সংগঠন তৈরি করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শ্রীপুর পৌরসভার সব ছাত্রলীগের নেতাকর্মী এ টিমের সদস্য। স্বল্পমূল্যে ওষুধ সরবরাহসহ অন্যান্য সেবা বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে কুইক রেসপন্স টিমের কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ১৭ জন দায়িত্বরত চিকিৎসকের মোবাইল ফোনে চিকিৎসাসেবা নেওয়ার জন্য যোগাযোগ করেছেন। এর মধ্যে একজন বিনা কারণে ফোন করেছেন। এছাড়াও অ্যাম্বুলেন্সের জন্য এখনো কেউ যোগাযোগ করেননি। কেউ জানানো মাত্রই প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত