দিনাজপুরের হাকিমপুরে হিলিতে সরকারি নির্দেশনা না মেনে অযথা বাড়ির বাইরে বের হওয়ায় ও দোকান খোলায় পথচারী ও দোকানিসহ ২৭ জনকে ২৭ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হিলিবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহলের মাধ্যমে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য ও যারা বাহির হয়েছেন তাদের দ্রুত বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ। সেই সঙ্গে মাইকিংসহ নানাভাবে জনগণকে বাড়িতে থাকার জন্য পরামর্শ প্রদান করছেন তারা।
এ সময় সেখানে হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম ও সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন আবু আহাদ হিমেল উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসন যৌথভাবে কাজ করছেন। যেসব স্থানে জনসমাগম বেশি হয় এমন জায়গাগুলোতে আমরা অভিযান চালয়েছি। মানুষকে বিভিন্নভাবে বোঝানোর পাশাপাশি সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপরেও অনেকে সরকারি নির্দেশ অমান্য করায় ২৭ জনকে ২৭ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
