বগুড়া শহরে সর্দি-জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে আকবর আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শহরের পুরান বগুড়ায় শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। এ ঘটনার পর আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
জানা যায়, আকবর আলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পাচগাছী গ্রামের মৃত আফাজ উদ্দিন এর ছেলে। তার ছেলে রুবেল পুরান বগুড়ার হারুনের বাসায় ভাড়া থাকেন। আকবর আলী অসুস্থ অবস্থায় ১০/১২ দিন আগে ছেলের বাসায় বেড়াতে আসেন। সেখানেই বিকেলে তার মৃত্যু হয়।
সর্দি-জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা মারা যাওয়ার বিষয়টি জানার পর আশপাশের লোকজন থানা-পুলিশকে তা অবহিত করে। পুলিশ বিষয়টি স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান সেখানে গিয়ে পাশের দশটি বাড়ি লকডাউন ঘোষণা করেন।
এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, ওই ব্যক্তির সর্দি-জ্বর, গলাব্যথা এবং শ্বাসকষ্ট ছিল। এ কারণে তার মরদেহ থেকে সংগ্রহ করা নমুনা আইইডিসিআর-এ পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
তিনি আরও জানান, যেহেতু তার উপসর্গ করোনার সাথে মিল আছে এ কারণে সংক্রমণ রোগের বিধি অনুযায়ী লাশ দাফন করা হবে।
