গলিতে আড্ডা ও সড়কে ঘোরাঘুরি: ৬৫ মামলা, ৯৬ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:২৮ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ না মেনে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে ব্যবসায় পরিচালনা, অলিগলিতে আড্ডা ও সড়কে মোটরবাইকে ঘোরাঘুরি করায় চট্টগ্রামে ৬৫টি মামলা ও ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি টিম সেনাবাহিনী পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে এ শাস্তি প্রদান করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে, জনগণের অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি নিয়ন্ত্রণে, ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক নিয়ে চলাচল নিয়ন্ত্রণ, অলিগলির আড্ডাবাজি থামাতে এবং বিনা কারণে অহেতুক যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদেরকে জরিমানা করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে।

তিনি আরও জানান, সেনাবাহিনী ও সিএমপির সদস্যদের সহায়তায় এই সাঁড়াশি অভিযানের ফলে নগরীতে ঘরের বাইরে লোকজনের যাতায়াতের প্রবণতা কমেছে। ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টের মাধ্যমে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোট ৬৫ টি মামলায় ৯৬ হাজার সাত শ টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত