বেনাপোল দিয়ে আটকে পড়া ১৪১ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৫:১২ পিএম

করোনাভাইরাস পরিস্থিতিতে ভারত সরকারের ঘোষিত লকডাউনে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ১৪১ জন বাংলাদেশি গত ৩ দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।

গত শুক্রবার, শনিবার ও রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে  এসেছেন বাংলাদেশে।

শুক্রবার ফেরত আসা ৮১ জনের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া না গেলেও শনিবার সকালে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়।  ফলে বেনাপোলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগ তাদের হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছেন।

আইসোলেশনে থাকা পাঁচ যাত্রীদে মধ্যে যশোর, মাগুরা, গোপালগঞ্জ ও খুলনার লোকজন রয়েছেন। যারা দেশে ফিরে আসছে তাদের বিশেষ সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। প্রত্যেকের হাতে লাল সিল দেওয়া হয়েছে ১৪ দিন হোম কোয়ারাইনটিনে থাকার জন্য।

রোববার ভারত থেকে ফিরে এসেছেন ২৫ বাংলাদেশি। তাদের কারও দেহে করোনার লক্ষণ পাওয়া যায়নি। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, শুক্রবার দেশে ফেরা ৮১ বাংলাদেশির ব্যাপারে বিশেষ ব্যবস্থায় যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়। তবে তাদের কারও দেহে উচ্চ তাপমাত্রা বা করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

অপর চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে ভারত থেকে ৩৫ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্যে ৫ যাত্রীর শরীরের উচ্চ তাপমাত্রা পাওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। রোববার ২৫ জন যারা দেশে ফিরে এসেছে তারাই সবাই সন্দেহমুক্ত। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ১৪১ জনের মধ্যে ৫ জনের শরীরে তাপমাত্রা বেশি হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর রাখা হয়েছে। তাদের প্রতি নজর রাখার জন্য স্ব-স্ব জেলায় সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, ভারত সরকার লকডাউন ঘোষণার পর ২৬ মার্চ থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে উভয় দেশ থেকে বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার। এতে ওপারে আটকে থাকা বাংলাদেশিরা পড়েন চরম দুর্ভোগে। এখনো ভারতে আড়াই হাজার বাংলাদেশি বিভিন্ন স্থানে আটকা পড়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত