২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট তুলে দেওয়া হয় জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়। কিন্তু বিয়ের তথ্য গোপন করার অভিযোগে দু’দিন পর কেড়ে নেওয়া হয় সেই মুকুট। এর ফলে সামাজিকভাবে বিপর্যস্ত সময় কাটাতে হয় এভ্রিলকে।
সেই এভ্রিলের জীবন কাহিনি নিয়ে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক নোমান রবিন। ছবির নাম ‘মিস হোও (বাজে নারী) বাংলাদেশ’। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন এভ্রিল নিজেই। এভ্রিলের জীবনে ঘটে যাওয়া নানা অজানা ঘটনা আসার পাশাপাশি এভ্রিলের নানা প্রচলিত নানা অপবাদেরও জবাব পাওয়া যাবে সিনেমায়।
নোমান রবিন বলেন, ‘আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। গোপন ক্যামেরা দিয়ে এভ্রিলের প্রাক্তন বরের ৩ ঘণ্টা ইন্টারভিউ নেওয়া হয়েছে। এভ্রিল ও তার মা-বাবা, ভাই, এলাকাবাসীর ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ইন্টারভিউ রেকর্ড করা হয়েছে। অ্যাকাডেমিক সার্টিফিকেট, বয়স বাড়িয়ে নেওয়া সেই বাল্যবিয়ের কাবিননামা, ইত্যাদি কর্মযজ্ঞ করেই তবে স্ক্রিপ্ট লেখা হয়েছিল। লগ্নিকারক অত্যন্ত দায়িত্বশীল এবং একজন ভদ্রলোক হলেও বিধিবাম; তার পরিবার এতে বাধা হয়ে দাঁড়াল। তাই দুর্দান্ত গতিতে শুরু হওয়া প্রজেক্ট হঠাৎ আটকে গেছে!’
সিনেমা আটকে গেলেও হাল ছাড়ছেন না নোমান রবিন। তিনি জানান, প্রযোজক পেলে করোনা ক্রাইসিসের পর আবারও এটির কাজ শুরু করবেন তিনি।
