রোহিতকে প্রথম দেখায় ইনজামামকে মনে পড়েছিল যুবরাজের

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৭:৪১ পিএম

ভারতের সাবেক ব্যাটসম্যান যুবরাজ সিং বলেছেন, রোহিত শর্মাকে প্রথম দর্শনে পাকিস্তান কিংবদন্তি ইনজামাম-উল-হককে মনে পড়েছিল তার।

২০০৭ সালের অক্টোবরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেন ইনজামাম। ওই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের বর্তমান সহ-অধিনায়ক রোহিতের।

জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক। এরপর সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে।

স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬ ছক্কা মারা সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন যুবরাজ সিং। রোহিত শর্মা অবশ্য ওই ম্যাচে ব্যাটিং পাননি।

একটি ইউটিউব চ্যাটশোতে যুবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল রোহিতকে দেখে তার প্রথম কি মনে হয়েছিল। যুবরাজ বলেন তার মনে পড়েছিল একজন বিখ্যাত ব্যাটসম্যানের কথা যিনি দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন।

‘যখন ও ভারতীয় দলে এল, সে এমন একজনের মতো ছিল যিনি অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। সে আমাকে ইনজামাম-উল-হকের কথা মনে করিয়ে দিয়েছিল। কারণ যখন সে ব্যাট করত, ইনজির মতো অনেক সময় নিত (বোলারদের খেলতে)।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত