ভারতে লকডাউন চলছে। এই সময়ে বেকার রয়েছেন ডে শিফটে কাজ করা সিনে কর্মীরা। লকডাউনের আগে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করছিলেন সালমান খান। রাধে’র সমস্ত ক্রিউ সদস্যদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন সালমান খান। সিনেমার মেকআপ আর্টিস্ট সুভাষ কাপুর এই কথা জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকে। সালমানের প্রতি তারা কৃতজ্ঞ বলেও বলেছেন সুভাষ।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ জানিয়েছে, তাদের সংগঠনের ২৫ হাজার কর্মীকে সাহায্য করবেন বলিউড ভাইজান। সালমানের সংস্থা ‘বিইং হিউম্যান’-এর পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য করা হবে। ২৫ হাজার সিনে-কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করবেন সালমান।
ইতিমধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে ২৫ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে ‘বিইং হিউম্যান’। এর আগে করোনা মোকাবিলায় ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন আরেক বলিউড স্টার অক্ষয় কুমার। কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে দু’হাত খুলে দান করেছেন দক্ষিণী তারকারাও।
