মাদারীপুরের শিবচর উপজেলায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় এক নারীসহ তিনজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে গত ২৭ মার্চ এই তিনজনকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসোলেশন ওয়ার্ডে থাকা তিনজনের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। তারা শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। অপর একজন একই উপজেলার ৩২ বছর বয়সী এক যুবক।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসেন ৩ হাজার ৫৩২ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ১ হাজার ৩৮৮ জনকে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ হয় ১ হাজার ১৯১ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টাইন রয়েছেন ২৯৭ জন। গত দুই দিন জেলার ২৯ জনের নমুনা আইইডিসিআর ঢাকায় প্রেরণ করে। বর্তমানে ৪ জন সদর হাসপাতালের আইসোলেশনে আছেন। এরা হলেন সদর উপজেলার এক যুবক ও শিবচর উপজেলার ৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানায়, ‘ওই তিনজনের মধ্যে একজনের বয়স ৭২ বছর। তাকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে আইসোলেশনে থাকা তিনজনই মোটামুটি ভালো আছে। আজই ওই তিনজনের নমুনা আইইডিসিআর কর্তৃপক্ষ ফের ঢাকায় পাঠাবে।’
মাদারীপুর সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘এক নারীসহ তিনজন দুপুর ১ টার দিকেই এসেছে। তাদের নমুনা নিয়ে ঢাকাতে পাঠাব’।
একবার আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি আরও বলেন, ‘তখন তারা সুস্থ ছিল। তাদের কোন অসুবিধা ছিল না। তখন তাদের টেস্ট নেগেটিভও ছিল। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছিল। এখন তারা যেহেতু আবার এসেছে আমরা তাদের চিকিৎসা দেব। আমাদের করোনা প্রতিরোধের জন্য নিয়োজিত মেডিকেল টিম তাদের ট্রিটমেন্ট দিচ্ছে’।
