করোনায় আক্রান্ত হওয়ায় ক্লাব চিকিৎসকের আত্মহত্যা!

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০২:৫১ পিএম

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার রিপোর্ট দেখে আত্মহত্যা করেছেন লিগ ওয়ানের ক্লাব স্টেড ডি রেইমসের চিকিৎসক বার্নার্ড গঞ্জালেজ।

ফ্রাঞ্চের দৈনিক পত্রিকা লে প্যারিসিয়েন জানিয়েছে, ৬০ বছর বয়সী এই চিকিৎসক রবিবার মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে, গঞ্জালেজের স্ত্রীও ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মারা যাওয়ার সময় একটি চিরকুট লিখে গেছেন।

ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলের শহর রেইমসের মেয়র এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আমি তার পরিবারকে নিয়ে ভাবছি। তিনি কভিড-১৯ রোগের কারণে আত্মহত্যা করেছেন বলে চিঠিতে লিখে গেছেন।’

ক্লাবটির পক্ষ থেকে টুইটে শোক জানানো হয়েছে। চিকিৎসকের মৃত্যুকে ক্লাবের জন্য ‘বড় আঘাত’ বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা।

ক্লাবের সভাপতি বিবৃতিতে বলেন, ‘তার মতো পেশাদার মানুষকে হারানো সত্যি কষ্টের। এই মহামারীর সময়ে তার এমন বিদায় আমাদের মনোজগৎ এলোমেলো করে দিয়ে গেল!’

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে রবিবার ৩৫৭ জন মারা গেছেন। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে এখন পর্যন্ত সেখানে সব মিলিয়ে ৮ হাজার ৯৩ জনের মৃত্যু হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত