করোনা ভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন। লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন শ্রমিক শ্রেণির মানুষ। চলচ্চিত্রের শ্রমিকসহ দৈনিক রোজগার করা শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায়, ভারতের ১ লক্ষ শ্রমিক পরিবারের মাসিক রেশনের দায়িত্ব নিলেন বিগ বি। অর্থাৎ, গোটা দেশের ১ লক্ষ শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন অমিতাভ। জানা যাচ্ছে, একটি টেলিভিশন সংস্থা এবং একটি জুয়েলারি সংস্থার পক্ষ থেকে অমিতাভকে এই উদ্যোগে সাহায্য করা হবে। অর্থাৎ এই দুই সংস্থার সহযোগিতাতেই ১ লক্ষ শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিলেন বিগ বি।
শুধু অমিতাভই নয়, এর আগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়েছেন সালমান খান। করোনায় আক্রান্তদের সাহায্যের জন্য ২৫ কোটি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। শাহরুখ খানও প্রতি পদে সাহায্য করছেন এই কঠিন সময়ে। এমনকি, আপৎকালীন অবস্থা সামাল দেওয়ার জন্য নিজের ৪তলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার খোলার জন্য দান করেছেন শাহরুখ-গৌরী।
