ফুসফুসে সমস্যা থাকায় করোনা সন্দেহে চিকিৎসা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ছাত্র সুমন চাকমা। অবশেষে সোমবার সকালে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন।
তাদের অভিযোগ, ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের রোগী সন্দেহে চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন সুমন।
সহপাঠী মেহেদি হাসান সুমন ফেইসবুকে জানান, 'তিনি দীর্ঘদিন যাবত একটা জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন। ঢাকায় করোনা ভীতিতে কোনো হসপিটাল তাকে ভর্তি নেয় নি অনেকদিন হসপিটালের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফুসফুসের পানি বেড়ে যাওয়ায় অনেক দিন ধরে তার অসুস্থতা বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে বিনা চিকিৎসায় মারা যেতে হলো।
'ওপাড়ে ভালো থাকিস বন্ধু সুমন।'
আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার দাতকুপ্যা আগালাশিং পাড়ার সুপেন চাকমার সন্তান।
সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২২তম ব্যাচের ছাত্র। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য ছিলেন।
২৬ মার্চ সুমন চাকমা তার ফেসবুকে দেয়া স্ট্যটাসে আশঙ্কা প্রকাশ করে লেখেন ‘আমার করোনা হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে’।
