মোহাম্মদ হাফিজের বয়স ৩৯, শোয়েব মালিকের ৩৮। তবে এই বয়সেও দুজনের চোখই এখন অস্ট্রেলিয়ায় অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। যে ইচ্ছের কথা দুজনই বেশ ক’বারই বলেছেন। হাফিজ তো দিন কয়েক আগেও একবার বললেন।
তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার মতে এখনই অবসর নেওয়া উচিত এই দুজনের। আর সেটি হলে পাকিস্তান ক্রিকেটের জন্যই ভালো বলে মন্তব্য তার।
সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে ভিডিও কনফারেন্সে রমিজ বলেন, ‘তাদের সম্মান ও মর্যাদার নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত। আমি আমার অ্যাসাইনমেন্টের সময় (ধারাভাষ্য) দুজনকেই দেখতে পাই। এ কারণেই ব্যক্তিগত মন্তব্য করা থেকে বিরত থাকি। এত কোনো সন্দেহ সেই যে তারা দুজনই পাকিস্তান ক্রিকেটকে এত বছর সেবা দিয়ে গেছে। তবে এখন সময় সম্মানের সঙ্গে তাদের পাকিস্তান দল থেকে সরে দাঁড়ানো।’
রমিজ যোগ করেন, ‘আমি মনে করি যদি তারা এখন অবসর নেয়, তবে সেটি পাকিস্তান ক্রিকেটের জন্যই ভালো।’ কেন ভালো সেটিও বলেছেন রমিজ, ‘আমাদের খেলোয়াড়দের ভালো পুল রয়েছে। যা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
ইংল্যান্ড বিশ্বকাপের পর দীর্ঘ সময় দলের বাইরে ছিলের মালিক ও হাফিজ। তবে গেল ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দলে ফের সুযোগ পান তারা। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পাকিস্তান ক্রিকেট মহলে।
হাফিজ জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুধু ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোর দিকে নজর দেবেন। এদিকে মালিক চার বছর আগেই টেস্ট ছেড়েছেন। গেল বিশ্বকাপে অবসর নেন ওয়ানডে থেকে।
